ব্রাজিলের বেলেম শহরে ১০ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের COP30 জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বর্তমানে জীবাশ্ম জ্বালানি শিল্প সম্প্রসারণ এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্য চুক্তি জোরদারে মনোযোগ দিচ্ছেন।
একজন মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি-কে বলেন, “প্রেসিডেন্ট সরাসরি বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে জ্বালানি খাতে অংশীদারিত্ব নিয়ে কাজ করছেন, যা সাম্প্রতিক ঐতিহাসিক বাণিজ্য ও শান্তিচুক্তিতেও প্রতিফলিত হয়েছে।”
এবারের সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৬০ জনের নিচে। তুলনামূলকভাবে COP28 দুবাই সম্মেলনে প্রায় ২০০ জন নেতা অংশ নিয়েছিলেন, আর গত বছর আজারবাইজানে অনুষ্ঠিত COP29-এ অংশ নেন ৭৫ জন।
ইতিমধ্যে জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, নরওয়ে, কলম্বিয়া, চিলি, কেপ ভার্দে, লাইবেরিয়া ও আয়ারল্যান্ডের সরকারপ্রধানরা উপস্থিতি নিশ্চিত করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রিমিয়ার ডিং শুয়েসিয়াং। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনা এখনো প্রতিনিধি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু সংশয়বাদী নেতাদের উত্থান এবারের সম্মেলনের আলোচনাকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের অনুপস্থিতি জলবায়ু কূটনীতিতে দেশটির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছে এবং চীনসহ অন্যান্য দেশের প্রভাব বৃদ্ধির সুযোগ তৈরি করছে।




মন্তব্য করুন