পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিপুল সোনার খনি আবিষ্কারের দাবি উঠেছে। সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনায় পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, আবিষ্কৃত খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সোনা মজুত রয়েছে। খনন কার্যক্রম শুরু করতে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি আন্তর্জাতিক ড্রিলিং কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ করা হয়েছে। গওহরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলন শুরু হবে।
তবে পাকিস্তান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে আবিষ্কারের সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনও জানিয়েছে, সরকারিভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দাবি যাচাইযোগ্য নয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এ তথ্য সত্য হয়, তবে পাকিস্তানের অর্থনীতিতে এটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তবে সরকারিভাবে নিশ্চিতকরণ ছাড়া এ ধরনের দাবি আন্তর্জাতিক বাজারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।




মন্তব্য করুন