লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফি প্রায় এক দশক কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার (১০ নভেম্বর) লেবাননের আদালত তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে মুক্তি দেয়। তবে আপাতত তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মানবাধিকার সংস্থাগুলো বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার ঘটনায় কঠোর সমালোচনা করেছে। হানিবালের আইনজীবী লরাঁ বায়ন বলেন, “জামিনের অর্থ পরিশোধ করা হয়েছে, এর মধ্য দিয়ে হানিবালের ১০ বছরের দুঃস্বপ্নের অবসান হলো।”
২০১৫ সালে আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে হানিবালকে আটক করে লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা আল-সদর ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন। সেই ঘটনার সঙ্গেই হানিবালের নাম জড়িয়ে যায়, যদিও তখন তার বয়স ছিল মাত্র দুই বছর।
আন্তর্জাতিক মহলে হানিবালের মুক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মামলার রায় ও পরবর্তী পদক্ষেপ লেবানন-লিবিয়া সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।




মন্তব্য করুন