রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় দুপুরে প্রকাশিত খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। কারণ, এ অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।
এদিকে একই দিনে সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর উৎপত্তিস্থল ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। ভূমিকম্পটির প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পগুলো এ অঞ্চলের জন্য স্পষ্ট সতর্কবার্তা।




মন্তব্য করুন