তুরস্ক বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইতিহাস গড়েছে। ‘বায়রাক্টর কিজিলেলমা’ নামের এ যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে।
রোববার তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার এক বিবৃতিতে জানায়, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও কিজিলেলমার সঙ্গে যৌথ ফর্মেশন ফ্লাইট পরিচালনা করে, যা ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কিজিলেলমার উন্নত সেন্সর ও নিম্ন রাডার ক্রস-সেকশন শত্রু বিমানকে দূর থেকে সনাক্ত করতে সক্ষম করে। বায়কার জানায়, ২০০৩ সাল থেকে স্ব-অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি ড্রোন রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানীয় হয়ে উঠেছে।
২০২৩ সালে বায়কারের রপ্তানি আয় ছিল ১.৮ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালেও অব্যাহত থাকে। কোম্পানির মোট আয়ের ৯০ শতাংশই আসে রপ্তানি থেকে। কিজিলেলমার সফল পরীক্ষা তুরস্কের প্রতিরক্ষা শিল্পে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।




মন্তব্য করুন