ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য জ্বালানি তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপ এবং হুমকির মুখেও নয়াদিল্লির পাশে থাকার এই জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের অনেক দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা কমিয়ে দিলেও ভারত উল্টো মস্কোর প্রধান ক্রেতাদের মধ্যে অন্যতম হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে পুতিনের বর্তমান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ।

রুশ প্রেসিডেন্ট মোদিকে বলেন, “রাশিয়া তেল, গ্যাস, কয়লাসহ ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন চালান চালিয়ে যেতে প্রস্তুত।”

জবাবে প্রধানমন্ত্রী মোদি এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ।”

উল্লেখ্য, রাশিয়ার তেল ক্রয়ের ধারাবাহিকতার কথা উল্লেখ করে গত আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ওয়াশিংটনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, এই তেলের মাধ্যমে পাওয়া অর্থ ইউক্রেন যুদ্ধের জন্য তহবিল যোগাতে সহায়তা করছে।

ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ঘনিষ্ঠ অংশীদার ভারতে এটিই পুতিনের প্রথম সফর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দিল্লিতে অবতরণ করলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রটোকল ভেঙে মোদি সশরীরে বিমানবন্দরে উপস্থিত হয়ে রুশ নেতাকে বুকে জড়িয়ে ধরেন।

Facebook Comments Box