ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোণঠাসা করতে এবার তার ঘনিষ্ঠ স্বজন ও দেশটির তেল বাণিজ্যের ওপর কঠোর আঘাত হানল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ট্রেজারি বিভাগ মাদুরোর তিন ভাগ্নে, একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছয়টি জাহাজ ও ছয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মাদুরোর ভাগ্নে ফ্র্যাঙ্কিউ ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস, ও ইফরাইন ক্যাম্পো। পাশাপাশি পানামার নাগরিক ও মাদুরোর ঘনিষ্ঠ ব্যবসায়ী রামন ক্যারেতেরোও এই নিষেধাজ্ঞার শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরে বলেছেন, ‘নিকোলাস মাদুরো এবং তার অপরাধী সহযোগীরা যুক্তরাষ্ট্রে মাদকের বন্যা বইয়ে দিয়েছে এবং আমাদের নাগরিকদের জীবন বিষাক্ত করে তুলেছে।’
এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তারা সেখানে সম্পত্তি ক্রয় করতে পারবেন না বা কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা তাদের সমস্ত সম্পদ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফ্রিজড অবস্থায় থাকবে।
প্রসঙ্গত, মাদকের মামলায় সাজাপ্রাপ্ত মাদুরোর দুই ভাগ্নে কার্লোস ফ্লোরেস এবং ইফরাইন ক্যাম্পো এর আগে যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দি ছিলেন। পরে ২০২২ সালের অক্টোবরে বন্দিবিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা জারি হওয়ার মাত্র দুই দিন আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভেনেজুয়েলার পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।




মন্তব্য করুন