আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে ১৯ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। দেশজুড়ে চলমান ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই ধরপাকড় চালানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মোট ১৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ কেবল আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন, যার সংখ্যা ১২ হাজার ৫০৬ জন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে চার হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি দুই হাজার ৯১৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং দেশের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসাথে, ভবিষ্যতে যেন আইন লঙ্ঘনের ঘটনা কমে, সেই লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে।




মন্তব্য করুন