ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে কট্টরপন্থী বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে হাইকমিশন অভিমুখে যাত্রার চেষ্টা করলে এই পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভকারীরা হাইকমিশনের দিকে যাওয়ার পথে পুলিশের বাধা অতিক্রম করতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এসময় প্রতিবাদকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এনডিটিভিসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সকাল থেকেই হাইকমিশন এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তা সত্ত্বেও বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালায়।

দিল্লি পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে দিল্লি ও কলকাতায় ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবাদকারীদের দাবি, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box