তুরস্কের রাজধানী আঙ্কারার অদূরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদদাদসহ পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সেনাপ্রধান ছাড়াও রয়েছেন দেশটির স্থলবাহিনীর চিফ অব স্টাফ, সামরিক শিল্প কর্তৃপক্ষের প্রধান, সেনাপ্রধানের একজন উপদেষ্টা এবং সামরিক মিডিয়া অফিসের একজন আলোকচিত্রী। তুরস্কের আঙ্কারা থেকে ত্রিপোলি ফেরার পথে তাদের বহনকারী ফ্যালকন-৫০ মডেলের প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংসাবশেষটি আঙ্কারার হায়মানা জেলা থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার আগে পাইলট জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিলেন বলে জানা গেছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী দবেইবা এই ঘটনাকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহতদের পরিবার ও সামরিক বাহিনীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আঙ্কারা সফরের সময় লিবিয়ার এই প্রতিনিধি দলটি তুর্কি সামরিক নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তুরস্কের বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

Facebook Comments Box