পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে ইরান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপের কাছ থেকে ৪০ লাখ লিটার চোরাচালানকৃত তেলসহ একটি বিদেশি ট্যাংকার জব্দ করা হয়েছে।
অভিযানে ট্যাংকারটিতে থাকা ১৬ জন বিদেশি ক্রু সদস্যকেও আটক করা হয়েছে। তবে জাহাজটি কোন দেশের কিংবা আটককৃতরা কোন জাতীয়তার, তা নিরাপত্তার স্বার্থে এখনো প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান ও ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ইরানে জ্বালানির দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে সমুদ্র ও স্থলপথে জ্বালানি পাচারের প্রবণতা অনেক বেশি। তেহরান দীর্ঘ দিন ধরে এই পাচার রোধে উপসাগরীয় অঞ্চলে কঠোর নজরদারি চালিয়ে আসছে। উল্লেখ্য, গত সপ্তাহেও ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেলসহ আরও একটি বিদেশি জাহাজ জব্দ করেছিল ইরান।
রয়টার্সের তথ্যমতে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ইরানের এই ক্রমবর্ধমান অভিযান ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তাপকে নতুন করে উসকে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন