ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
গত সপ্তাহে ময়মনসিংহে একদল মানুষের হাতে দীপু চন্দ্র দাস আক্রান্ত হন। হত্যার পর তার দেহ গাছে বেঁধে পুড়িয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরুতে ঘটনার পেছনে ধর্মীয় উস্কানির অভিযোগ উঠলেও পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের তদন্তে ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। নিহতের পরিবারের ভাষ্য এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী, মূলত কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং প্রতিবেশী দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ভারতের অবস্থান আগের মতোই অটল। একইসাথে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিও ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।




মন্তব্য করুন