বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তার দাবি, মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এই স্থাপনাটি আদতে একটি মন্দির ছিল।

সম্প্রতি সাগর জেলার বিনা শহরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ৬৯ বছর বয়সী এই নেতা বলেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীতে একটি মন্দির নির্মাণাধীন স্থানে তার দেহ স্থানান্তর করে তাজমহল তৈরি করা হয়। মন্ত্রীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজয়বর্গীয়র সমর্থকরা একে ঐতিহাসিক ব্যাখ্যার অংশ হিসেবে দেখলেও সমালোচকরা একে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বলে অভিহিত করেছেন। বিরোধী দল কংগ্রেস মন্ত্রীর এই অবস্থানের কড়া সমালোচনা করেছে। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত অভিযোগ করেছেন, জনপরিসরে আলোচনার কেন্দ্রে থাকতেই বিজেপি নেতারা এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।

তাজমহলের উৎপত্তি নিয়ে ডানপন্থী বিভিন্ন সংগঠন আগে থেকেই দাবি করে আসলেও, বর্তমান মন্ত্রিসভার একজন সদস্যের মুখ থেকে এমন মন্তব্য রাজনৈতিক ও সামাজিকভাবে ভিন্ন মাত্রা পেয়েছে। একই অনুষ্ঠানে বিহারের নাগরিকদের নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা। বিশ্লেষকদের মতে, সাম্প্রদায়িক মেরুকরণ ও ঐতিহাসিক সত্যকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের মন্তব্য বারবার সামনে আনা হচ্ছে।

Facebook Comments Box