দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী ও আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আল হাবতুর তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এক নজিরবিহীন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিয়ে ও পরিবার গঠনে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। গত রবিবার (১৮ জানুয়ারি) এক বার্তায় তিনি জানান, চলতি বছর তার গ্রুপে কর্মরত কোনো আমিরাতি কর্মী বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) অনুদান দেওয়া হবে।

এই আর্থিক সুবিধার পরিধি এখানেই শেষ নয়। খালাফ আল হাবতুর আরও জানিয়েছেন, বিয়ের পর পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয়, তবে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হবে। অর্থাৎ সন্তানের আগমনে অতিরিক্ত আরও ১৫ লাখ টাকা পাবেন ওই কর্মী।

আল হাবতুর গ্রুপের চেয়ারম্যানের মতে, পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। শক্তিশালী সমাজ গঠনে স্থিতিশীল পরিবারের কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, যুবসমাজকে কেবল মৌখিক উৎসাহ দিলেই চলবে না, বরং তাদের জন্য বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। এর আগে ৩০ বছর বয়সের মধ্যেই বিয়ে করার বিষয়ে সামাজিক ও আইনি সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ স্থানীয় নাগরিক। নাগরিকদের সংখ্যা বৃদ্ধি ও সামাজিক ভারসাম্য রক্ষায় দেশটির সরকার ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গণবিয়ের আয়োজন ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। শিক্ষা, নির্মাণ ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিস্তৃত আল হাবতুর গ্রুপে বিশাল সংখ্যক স্থানীয় ও প্রবাসী কর্মী কর্মরত রয়েছেন। মূলত জাতীয় জনমিতি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই শীর্ষ এই ধনকুবের এমন বড় অংকের বোনাস ঘোষণা করেছেন।

Facebook Comments Box