মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে মুসলিম দেশগুলো কার্যত ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিকেই সহায়তা করছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ চার্টার প্রত্যাখ্যান করার জন্য পাকিস্তান সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

মাওলানা ফজলুর রহমান বলেন, গাজায় যুদ্ধবিরতির নামে হামাসকে নিরস্ত্র করার যে শর্ত ট্রাম্প দিয়েছেন, তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দমনের একটি নীল নকশা। তিনি প্রশ্ন তোলেন, পররাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে সংসদকে আশ্বস্ত করার পরেও কেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তড়িঘড়ি করে দাভোসে এই চার্টারে স্বাক্ষর করলেন? সংসদ বা মন্ত্রিসভাকে আস্থায় না নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি আরও সতর্ক করে বলেন, লেবানন ও সিরিয়ার পর ইসরায়েলের লক্ষ্য এখন ইরান। এমনকি পাকিস্তানের সীমান্তবর্তী তাফতান এলাকাও ইসরায়েলি হুমকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, এ পর্যন্ত যত চুক্তি হয়েছে তাতে ফিলিস্তিন সংকুচিত হয়েছে আর ইসরায়েল আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্পকে খুশি করতে গিয়ে পাকিস্তান নিজের নিরাপত্তা ও নীতিগত অবস্থান বিসর্জন দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের উপস্থিতিতে ‘বোর্ড অব পিস’ চার্টারে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Facebook Comments Box