অবৈধ অভিবাসন ও শ্রম শোষণ বন্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইতালি সরকার। নতুন ডিক্রি অনুযায়ী, এখন থেকে বৈধ কাগজপত্রহীন কোনো কর্মী নিয়োগ করলে নিয়োগকর্তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি জেল খাটতে হবে। গত ২০ জানুয়ারি দেশটির অফিসিয়াল গেজেটে এই সংক্রান্ত আইন প্রকাশিত হওয়ার পর তা কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ হিসেবে মালিকের কাছ থেকে ৩ হাজার ৬৩৭ দশমিক ৮৭ ইউরো (প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা) আদায় করা হবে। গত বছর এই জরিমানার পরিমাণ ছিল ২ হাজার ৮৬৪ ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাবাসন খরচ বাবদ জরিমানা বেড়েছে প্রায় ৭৭০ ইউরো।
ইতালির ইমিগ্রেশন আইন অনুযায়ী, অবৈধ কর্মী নিয়োগ করা এখন থেকে একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে সংশ্লিষ্ট মালিকের ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া প্রতি অবৈধ কর্মীর জন্য ৫ হাজার ইউরো পর্যন্ত মূল জরিমানার বিধান তো থাকছেই; নতুন ঘোষিত ৩৬৩৭ ইউরো জরিমানা এর সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
যদি কোনো মালিক ৩ জনের বেশি অবৈধ কর্মী নিয়োগ করেন কিংবা অপ্রাপ্তবয়স্কদের কাজে লাগান, তবে তার শাস্তি কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে ইতালিতে প্রচলিত ‘কাপোরালাতো’ বা শ্রম শোষণ ব্যবস্থা দমনে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতালির পুলিশ প্রধানের জারি করা এই ডিক্রি দেশটির অভিবাসন ও শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন