যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী শীতকালীন ঝড়, যা আবহাওয়া বিজ্ঞানের ভাষায় ‘বোম্ব সাইক্লোন’ নামে পরিচিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া উপকূলে এই ঝড় আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে মধ্য-আটলান্টিক অঞ্চলজুড়ে ভয়াবহ তুষারপাত, জলোচ্ছ্বাস এবং হারিকেন গতিসম্পন্ন বিধ্বংসী ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে ঝড়টির প্রভাব শুরু হয়েছে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠতে পারে। ঝড়ের তীব্রতা বাড়লে নিউ ইংল্যান্ডের পূর্ব ম্যাসাচুসেটসেও ভারি তুষারপাত ও প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘বোম্বোজেনেসিস’ প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত দ্রুত শক্তি সঞ্চয় করছে এই ঝড়। এর ফলে উত্তর দিক থেকে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস দক্ষিণে প্রবেশ করবে। ফলে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের এমন কিছু এলাকায়ও তুষারপাত হতে পারে, যেখানে সাধারণত শীতকালীন ঝড় দেখা যায় না।
বর্তমানে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা ও দক্ষিণ ভার্জিনিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষকে শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রাখা হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলের অনেক এলাকা এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। নতুন করে এই দুর্যোগের খবরে জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।




মন্তব্য করুন