যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট কাটাতে আরও প্রায় ৬৫ হাজার অতিরিক্ত ‘এইচ-২বি’ (H-2B) মৌসুমি কর্মী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অতিরিক্ত ভিসাগুলো কার্যকর থাকবে। ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কিন নিয়োগকর্তা পর্যাপ্ত শ্রমিকের অভাবে আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছেন, তারা এই সুবিধার আওতায় কর্মী নিয়োগ দিতে পারবেন।
সাধারণত প্রতি বছর নির্মাণ, হোটেল-আতিথেয়তা, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে মৌসুমি কর্মীর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি অস্থায়ী বিধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে রয়টার্স জানিয়েছে।
হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বৈধ কর্মসংস্থানের ক্ষেত্রে এই শিথিলতা প্রদর্শন করল। তবে এই সিদ্ধান্ত নিয়ে খোদ অভিবাসন বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, বিদেশি কর্মীর সংখ্যা বাড়লে মার্কিন নাগরিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
উল্লেখ্য, একদিকে যখন ট্রাম্প প্রশাসন মৌসুমি কর্মীদের জন্য পথ প্রশস্ত করছে, ঠিক তখনই উচ্চ-দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য এইচ-১বি (H-1B) ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তি খাতের জন্য এই কঠোর নীতি বর্তমানে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। মূলত মার্কিন হোটেল ও পর্যটন খাতের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এইচ-২বি ভিসার কোটা বাড়ানো হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।




মন্তব্য করুন