সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি ড্রোনের মাধ্যমে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ভবনের একটি অংশে অগ্নিকাণ্ড ঘটলে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডকে ‘সামান্য’ বলে বর্ণনা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দূতাবাস এলাকা থেকে আগুনের বিশাল কুণ্ডলী ও ধোঁয়া বের হতে দেখা গেছে। রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে বড় ধরনের বিস্ফোরণের শব্দের কথা জানানো হয়েছে।

হামলার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার (shelter-in-place) নির্দেশ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই অঞ্চলের সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার অংশ হিসেবেই একে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রিয়াদে দূতাবাসের ওপর এই আঘাতের জবাব শিগগিরই দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরান ও এই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর আগে দুবাই ও কুয়েতেও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box