কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে পাটুয়ারটেক এলাকায় রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছাতে সদস্যদের আধা ঘণ্টার বেশি সময় লাগে। সকাল ৮টায় তারা উদ্ধারকাজ শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন