বকেয়া বেতন মিটিয়ে দেওয়া ও সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনের টানা পঞ্চম দিনে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জমায়েত হন। পরে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নেন।

যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পুলিশ শ্রমিকদের বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন।

উত্তরা পূর্ব থানার ওসি মোর্শেদ আলম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা পুলিশের ওপর চড়াও হয়। তিনি জানান, ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক। কোনো আটক নেই।