সৌদি আরবে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন ওমরাহযাত্রী বিকল্প পথে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ১৫ অক্টোবর সন্ধ্যায় কাতার হয়ে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে। দেশে ফিরতে প্রত্যেককে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে।
দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। দুই দিন অপেক্ষার পর কাতার এয়ারলাইনসের ফ্লাইটে বিকল্প পথে ফেরার ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার পর্যন্ত থাকার জন্য আগে থেকে চুক্তি করা ছিল। এরপর নতুন করে আবাসনের ব্যবস্থা করতে গিয়ে ভোগান্তি হয়। নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই বিপাকে পড়েন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে তিনি জানান।
ওমরাহযাত্রী সাগর সরদার জানান, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি ওমরাহ পালনে গিয়েছিলেন। বিমানবন্দরে হামলার ঘটনায় পরিকল্পনা ভেস্তে যায়। পরে অতিরিক্ত টাকা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করেন। ওমরাহযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান।
ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ বলেন, দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন নারী-পুরুষ ছিলেন। কয়েকজন অসুস্থ হওয়ায় দেশে থাকা স্বজনরা দুশ্চিন্তায় ছিলেন। সবাই নিরাপদে ফেরায় স্বস্তি ফিরেছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, সৌদিতে আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নিরাপদে দেশে ফিরেছেন।

মন্তব্য করুন