কুড়িগ্রামের রৌমারিতে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়।
ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন ইজিবাইক যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় রৌমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যান উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

মন্তব্য করুন