রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যাসহ সাতটি মামলার আসামি ও কিশোর গ্যাং নেতা ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিউচার মডেল টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশে অভিযান চালিয়ে ওই আসামিকে ধরা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
তিনি জানান, কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা হয়। এর আগের দিন ২৭ সেপ্টেম্বর আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এছাড়া ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে হত্যাচেষ্টা, গুরুতর জখম, মারামারি ও চুরির অভিযোগে এবং একই বছরের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ২০১৮ সালের মার্চ ও ২০১৯ সালের মে মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন