পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামের দুই আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতিতে চলা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।