আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চায় সরকার। প্রধানমন্ত্রীকে দিয়ে এই উদ্বোধন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নীলফামারীর তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তিস্তা নিয়ে দেশে-বিদেশে নানা আলোচনা চলছে। এ পরিস্থিতিতে কোনো অপশক্তি সরকারের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে আরও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন চূড়ান্ত হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এই ধাপ সম্পন্ন করতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর দরপত্র প্রক্রিয়া শুরু হবে। এসব ধাপ শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।