ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় ডিলার ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় ২৫০ বস্তা (সাড়ে ১২ টন) ডিএপি সার উদ্ধার ও পাচারের ট্রাক জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী আমলে এই সারের ডিলারের অনুমোদন পেয়েছিলেন। গত বুধবার রাতে ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃত্রিম সার সংকট সৃষ্টির লক্ষ্যে আওয়ামী সরকারের অনুমোদিত কিছু ডিলারের বিরুদ্ধে কৃষকদের সার না দিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে। উপজেলা কৃষি বিভাগ তাদের চিহ্নিত করতে ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারদের নির্দেশনা দিলেও এসব ডিলারদের অনেকে কালোবাজারে সার বিক্রিতে মরিয়া হয়ে ওঠেন।

বুধবার রাতে ইলিয়াস চান্দ্রা বাজারের নিজের গোডাউন থেকে কালোবাজারে ডিএপি সার বিক্রির জন্য ট্রাকে লোড করছিলেন। স্থানীয় জনগণ খবর পেয়ে সারভর্তি ট্রাক ঘিরে রাখেন এবং ৯৯৯-এ কল করে পুলিশ ও ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুনকে জানান।

খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি, কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ সারভর্তি ট্রাক ও মালামাল জব্দ করে এবং ট্রাকে অবস্থানকারী আওয়ামী লীগ নেতা ইলিয়াসকে আটক করে।

কৃষি অফিসার আল মামুন বলেন, সারের কৃত্রিম সংকট যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য উপর মহল থেকে নির্দেশনা রয়েছে এবং উপজেলা কৃষি অফিস এ বিষয়ে সচেতন রয়েছে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সরকারি সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাতে ট্রাকে নিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার উদ্ধার করেছে। ডিলারকে সার ও ট্রাকসহ আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।