চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাঠদান চলাকালে ক্লাসে না গিয়ে বিভিন্ন পার্ক ও পর্যটন স্পটে ঘোরাঘুরি করছিল একদল শিক্ষার্থী। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
অভিযানে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরে বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে। পরে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের খবর দেওয়া হয়। সতর্ক করার পর মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত পাঠদান চলাকালে কিছু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থেকে পার্ক ও পর্যটন স্পটে সময় কাটাচ্ছিল। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়।
অভিযানকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা শিক্ষার্থীদের বিভিন্ন স্পটে থাকার কারণ জানতে চাওয়া হয়। শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ঘোরাঘুরি না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পাওয়া শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং তাদের বিপথগামী হওয়া রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন