চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় গুলিবিদ্ধ আবু ইউসুফ জীবন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

গত মঙ্গলবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় তার ওপর হামলা ও গুলি চালানো হয়। বুধবার অস্ত্রোপচার করে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার ডান পা কেটে বাদ দিতে হয়েছিল। পরিবারের দাবি, রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে।

নিহতের মা বুধবার বাদী হয়ে জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ওসি ইখতিয়ার উদ্দিন জানান, জীবনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। মামলায় বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবু ও আরমান নামে দুজনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। মৃত্যুর আগে দেওয়া এক ভিডিও বক্তব্যেও জীবন এই দুজনের নাম উল্লেখ করেন।

অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনা তাদের ব্যক্তিগত বিরোধের কারণে ঘটে থাকতে পারে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।”

পুলিশ জানায়, রাজনৈতিক কোন্দলের পাশাপাশি ‘মেহেদী’ নামের এক ব্যক্তির সঙ্গে জীবনের পূর্ববিরোধের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।