বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির অভিযোগে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সড়কে মিছিল করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, ওই মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে সঞ্জয় কুমার বাড়ৈর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন