জ্বালানি তেলের উচ্চমূল্য থেকে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬.৬২ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও নিম্নমুখী ছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত এই চুক্তির দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০.১০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘ সময় সুদের হার বাড়তি রাখার পরিস্থিতি তৈরি করতে পারে। এতে সুদ না পাওয়া সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের সুযোগ ব্যয় বাড়ে, যা ধাতুটির দামের ওপর চাপ সৃষ্টি করে।
বার্তা সংস্থা রয়টার্সকে ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে ফেডারেল রিজার্ভ প্রত্যাশার চেয়ে কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন আশঙ্কা স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার রুপার দাম ১.২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৫৩.৭৩ ডলারে নেমে আসে। প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৫৩২.৪৯ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২২.২১ ডলারে পৌঁছায়।
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন