রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।

অভিযানে শপিং সেন্টারের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। হানিফ ফ্লাইওভারের নিচের অংশ দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানগুলোও উচ্ছেদ করে সিটি করপোরেশন।

অভিযানের খবর আগে থেকেই ছড়িয়ে পড়ায় অনেক দোকানি নিজেদের দোকানপাট সরিয়ে নেন। তবে এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর ফুটপাত আবারও আগের অবস্থায় ফিরে আসে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।