স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে পরবর্তী কর্মদিবস, অর্থাৎ ১ নভেম্বর (রোববার) পর্যন্ত আবেদন গ্রহণ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।