ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ৪০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছিল।

একই দিন প্লেট পর্বের ম্যাচে সেশেলসকেও টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। ওই ম্যাচের নির্ধারিত ৪০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। বাংলাদেশের হয়ে ২৮ মিনিটে গোল করেন রাতুল। নির্ধারিত সময়ে দুদলকে আলাদা করা না গেলে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

এ নিয়ে চলতি বিশ্বকাপে সাত ম্যাচে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশের কিশোররা। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এরপর সেশেলসকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টে আরেকটি জয় তুলে নেয় বাংলাদেশের ছেলেরা। এবার সিঙ্গাপুরকেও হারাল বাংলাদেশ।