জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নদীর তলদেশ থেকে ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ভাষ্য অনুযায়ী, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়নের ২০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, এর আগে বুধবার, ২৮ অক্টোবর রাতে উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, তাদের তত্ত্বাবধানে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে। ডিজিটাল পরিমাপে খণ্ডিত মূর্তিটির ওজন ৮৫ কেজি পাওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা ধরা হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার হওয়া পাথরটির সত্যতা যাচাই করা হয়েছে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এ বিষয়ে সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।