তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শ্রমমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ ব্যাপারে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ রয়েছেন।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে। কারখানার মালিকদের উদ্দেশে তিনি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধের নির্দেশ দেন।

শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএমসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।