জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাঁদের হাসপাতাল থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে তাঁদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা তিনজন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২)।

ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এই তিনজনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর তাঁদের আবার নিয়ে যাওয়া হয়েছে।