বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শরীয়তপুর পৌর অডিটরিয়ামের সামনে জড়ো হন। পরে বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এ সময় জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত হোসেন খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।

মন্তব্য করুন