‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ‘Salahuddin Ahmed BNP’-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।
এর আগে একই দিন সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সরকার ক্রসফায়ার সমর্থন করে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে।

মন্তব্য করুন