জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্ব হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা যাওয়ায় নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হচ্ছে না। এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি খুঁজে বের করে সংস্কারের কাজ চালাচ্ছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ে প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যাত্রীদের ত্রুটির বিষয়ে জানান এবং বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।
গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপানে গিয়েছিলেন। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নারিতা বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি রওনা হওয়ার কথা ছিল।

মন্তব্য করুন