আল্লাহ তায়ালাকে চিনতে এবং অন্তরে আল্লাহর ভয় ধারণ করতে হলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে বলে মন্তব্য করেছেন জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী। তাঁর ভাষায়, নিজেদের পরিশুদ্ধ করতে না পারলে দুনিয়ার মোহে ডুবে থাকতে হবে।
তিনি বলেন, দুনিয়ার মোহে মানুষের জীবন-যৌবন নষ্ট হচ্ছে এবং মূল্যবান হায়াত শেষ হয়ে যাচ্ছে। তাই হৃদয়ের পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া জরুরি; তাঁরা উম্মাহর হৃদয়ের ডাক্তার।
বৃহস্পতিবার রাতে হাটহাজারী পার্বতী মডেল ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের সঞ্চালনায় মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন কারী আহমদ গণী। মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মুফতী হাবিবুর রহমান কাসেমী, মুফতী ওসমান সাঈদী, মাওলানা নাছির উদ্দীন ও মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।
মাহফিলে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল হাসান এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
দ্বিতীয় দিনে তাফসীর পেশ করেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবুল হাসান এমপি, মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ এমপি, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মুফতী হারুন ইজহার, ড. নুরুল আবছার আজহারী, মুফতী রাশেদ, মুফতী সিরাজুল্লাহ মাদানী এবং মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহইয়া।

মন্তব্য করুন