শরীয়তপুরের জাজিরায় ঢাকা অভিমুখী মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ নজরুল ইসলামের (৪৮) বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকায়। তিনি এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং সাত্তার হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন কালু বেপারী কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মহাসড়কের ওপর যাত্রী ওঠানোর জন্য থামে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৭৭)। পেছন থেকে পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৪৭২) এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে ভর্তি করেন, যেখানে তাঁরা চিকিৎসাধীন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক সময় অভিযোগ করতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বাদী হয়ে মামলা করতে হয়। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন