ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে প্রমোদতরীর ওপরও। বিশ্বভ্রমণে থাকা আমেরিকার বিলাসবহুল প্রমোদতরী ২০০-এরও বেশি যাত্রী নিয়ে কম্বোডিয়া সাগরে আটকা পড়েছে, যাদের বেশিরভাগই আমেরিকান।
ফ্লোরিডাভিত্তিক ‘ভিলা ভি রেসিডেন্সেস’ নামে এমভি ওডিসি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, প্রায় দুবছর ধরে তারা বিশ্বজুড়ে সমুদ্রযাত্রা করছে। তবে যুদ্ধের কারণে জ্বালানির দাম চারগুণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার তারা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়।
প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট দীর্ঘ এ জাহাজটি ৬৫০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। ২০২৪ সালের অক্টোবরে ‘বিশ্বজুড়ে এক অবিরাম সমুদ্রযাত্রার’ উদ্দেশে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে এটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল পিটারসন বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরুর আগে তারা প্রতি টন জ্বালানির জন্য গড়ে ৭০০ ডলার ব্যয় করতেন। যুদ্ধের পর থেকে প্রতি টনে ২,০০০ থেকে ৩,০০০ ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে। এমভি ওডিসিতে প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ টন জ্বালানি প্রয়োজন হয়।
পিটারসন বলেন, জাহাজে থাকা ৩০০ যাত্রীর মধ্যে এই খরচ ভাগ করে দিলে তা যাত্রীদের জন্য ব্যয়বহুল হবে। গত ৯ মাস ধরে এমন পরিস্থিতি চলছে।
এক বিবৃতিতে ‘ভিলা ভি রেসিডেন্সেস’ জানিয়েছে, যুদ্ধের আগে প্রতি কেবিনের ভাড়া ১,৮০০ ডলার থেকে বেড়ে ছয় হাজার থেকে আট হাজার ডলারে দাঁড়িয়েছে। জ্বালানির বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপাতে না চাওয়ায় তাদের কম্বোডিয়ার বন্দরনগরী সিহানুকভিলে নামিয়ে দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
ভ্রমণকারীরা কয়েক লাখ ডলার দিয়ে কেবিন কিনে জাহাজটিতে ভ্রমণের সুযোগ পেয়েছিলেন; অনেকে এ সুযোগ নিতে নিজেদের বাড়িঘরও বিক্রি করে দেন। প্রতিষ্ঠানটি তখন তাদের অন্তত ১৫ বছর জাহাজটিতে বসবাসের নিশ্চয়তা দিয়েছিল। মঙ্গলবার যাত্রা স্থগিতের ঘোষণার আগে জাহাজটি তার বিশ্ব পরিভ্রমণের ৭৫০ দিনেরও বেশি সময় পার করেছে। ফলে যাত্রীরা এখন কম্বোডিয়ায় আটকা পড়েছেন।

মন্তব্য করুন