হ্যালোইনের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন।

রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। টেক্সাসের ডালাসে ১ নভেম্বর ভোররাতে তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ১৫ জন আহত হন।

ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে এসব গোলাগুলি হয়। নাইট ক্লাব, কস্টিউম বা পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও কলেজ ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে ছুটির দিন ও সপ্তাহান্তের সহিংসতা অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, হ্যালোইনের মতো উৎসবকে ঘিরে মদ্যপান ও মাদক গ্রহণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার ফলে যেকোনো তুচ্ছ বিরোধও সহিংসতার কারণ হয়ে উঠছে।