দুদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। আজ সোমবার বেলা ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবী বা খাঁটি সোনার বাজারদর বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে খরচ পড়বে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবরে দুই দফায় সোনার দাম ভরিতে সর্বমোট ৭ হাজার ১১৪ টাকা কমানো হয়েছিল। তবে স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে।




মন্তব্য করুন