ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপার আহত হন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিক্ষোভ শুরু হয়। বেলা ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, এতে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামের একটি কারখানার শ্রমিকরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন এবং পরে বেরিয়ে বিক্ষোভে যোগ দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের অন্যান্য কারখানার সামনেও বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকরা হা-মীম গ্রুপের সামনে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরই ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।
বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। শিল্প পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।




মন্তব্য করুন