মেজর লিগ সকারে (এমএলএস) লিও মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠ জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩তম মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৬ মিনিট পরই মেসির অ্যাসিস্টে সমতায় ফেরে ফ্লোরিডার ক্লাবটি।
৬৯তম মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে পড়েন মেসি। সতীর্থের বাতাসে ভাসানো ক্রসে হেড করে বল বাড়িয়ে দেন জার্মান বারতারামের উদ্দেশে, কাছ থেকে বল জালে পাঠান তিনি।
এরপর ৮৩তম মিনিটে তিন ডিফেন্ডারের বাধা পেরিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তাকে ঘিরে ধরলেও ড্রিবলিংয়ে তাদের সামলে সতীর্থকে পাস দেন এবং ফিরতি পাসে বক্সে ঢুকে বাঁ-পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯, সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মেসিরা।




মন্তব্য করুন