অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। এবার সেই সাফ জয়ী মেয়েদের পুরষ্কার দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।
সরকারপ্রধান বলেন, লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬ এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকব, তাদের ডেকে প্রাইজমানি দেব এবং উৎসাহিত করব।
অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর গতকালের (রোববার) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক ইয়ারজানের নৈপুণ্যে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
উল্লেখ্য, গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ম্যাচও গড়িয়েছিল টাইব্রেকারে।
Facebook Comments Box