ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়ে বলেন, তদন্ত প্রতিবেদন আজই প্রকাশ না হলে প্রশাসনকে ‘গদি ছেড়ে’ দিতে হবে।

বিক্ষোভে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে ‘পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও এখনো প্রশাসন ঘুমিয়ে রয়েছে এবং কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি জানান, উপাচার্য বিদেশ থেকে ফিরে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং তদন্ত কমিটির সঙ্গে আলোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কে দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের অবহিত করা হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box