জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা তৃতীয় দফায় বাড়িয়েছে। আগে রিটার্ন জমার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি, যা এখন বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি করা হয়েছে। বৃহস্পতিবার এনবিআরের কর বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে রিটার্ন জমার সময়সীমা দুই দফায় বাড়ানো হয়েছিল। প্রথমে ১৭ নভেম্বর এবং পরে ২৯ ডিসেম্বর আদেশ জারি করে এক মাস করে সময় বাড়ানো হয়। বর্তমানে দেশে এক কোটির বেশি করদাতার টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) রয়েছে, যাদের মধ্যে প্রতি বছর প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দিয়ে থাকেন।

সূত্রমতে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর অনুমোদন দিয়েছেন। এরপরই এনবিআর নতুন সময়সীমা ঘোষণা করে।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পাশাপাশি অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে করদাতাদের ভোগান্তি বাড়ছে। সার্ভারে অতিরিক্ত চাপ, রেজিস্ট্রেশন সমস্যা, সংশোধনী রিটার্ন জমার সুযোগ না থাকা এবং রিটার্নের চূড়ান্ত প্রিভিউ ডাউনলোডে বাধার মতো বিষয়গুলো করদাতাদের জন্য অসুবিধা তৈরি করেছে। এছাড়া, কর আইনজীবীরাও সময়সীমা বাড়ানোর জন্য এনবিআরের কাছে আবেদন করেছিলেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে করদাতাদের সুবিধার্থে এবার আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ৪০ লাখের বেশি ব্যক্তি করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্য ছিল প্রায় ৫০ লাখ রিটার্ন সংগ্রহ করা। তবে ২৭ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩৪ লাখের কিছু বেশি রিটার্ন জমা পড়েছে। এ অবস্থায় সময়সীমা বাড়ানোকে করদাতাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box